শ্রীরামকৃষ্ণের জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম আর ঈশ্বরচন্দ্রের বীরসিংহ গ্রাম। কামারপুকুর থেকে বীরসিংহ খুব দূরের পথ না। সেই জন্য বোধ হয় শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয়কে কাছের মানুষ বলে মনে করতেন। তবে সেই মনে হওয়া শুধুই মনে মনে । ঠাকুরের ইচ্ছা বীরসিংহ গ্রামের সিংহটির সাথে একবার অন্তত দেখা করার। তো সেই সুযোগও এলো। যখন ঠাকুরের পরম ভক্ত শ্রীম ওরফে মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগরের স্কুলে মাস্টারি করা শুরু করলেন। ঠাকুরই একদিন মাস্টারকে বললেন, "আমাকে বিদ্যাসাগর এর কাছে নিয়ে যাবে? আহা! দক্ষিণেশ্বর কালিবাড়িতে থাকতে থাকতে বিদ্যে আর দয়ার কত কথা শুনেছি! তিনি বিদ্যারও সাগর আবার দয়ারও সাগর।"
মহেন্দ্রগুপ্ত বিদ্যাসাগর কে বললেন," দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ আপনার সাথে দেখা করতে চান।ভারি ইচ্ছা তার আপনার সাথে আলাপ করার।"
ঈশ্বরচন্দ্র হেসে বললেন, "তুমি তো জানো মাস্টার, আমি নাস্তিক মানুষ। ঈশ্বর সত্যি আছেন কিনা সেই বিষয়ে আমার গভীর সন্দেহ। সত্যি বলতে কি ভগবানের ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই। সুতরাং সাধু সন্ন্যাসী দের কাছ থেকেও আমি দূরে থাকি।"
মাস্টার বিদ্যাসাগরের কথা শুনে নীরব রইলেন। ঈশ্বরচন্দ্র বুঝলেন তিনি মহেন্দ্রকে আঘাত করেছেন। জিজ্ঞাসা করলেন, "বলত মাস্টার, তিনি কি রকম পরমহংস? তিনি কি গেরুয়া পড়া সন্ন্যাসী?"
মাস্টার এবার ঈশ্বরচন্দ্রর চোখে চোখ রেখে কিঞ্চিৎ দৃঢ় কণ্ঠে বললেন, "আজ্ঞে না! লাল পেরে কাপড় পড়েন,জামা পড়েন, বার্নিশ করা চটি জুতো পড়েন। রাসমনির কালিবাড়িতে একটি ঘরের ভিতরে বাস করেন। সেই ঘরে তক্তাপোষ পাতা আছে, বিছানা, মশারিও আছে।সেই বিছানায় তিনি শয়ন করেন। তিনি যে সন্ন্যাসী তার কোনো বাহ্যিক চিহ্ন নেই। তবে ঈশ্বর বৈ আর কিছু জানেন না, অহর্নিশি তারই চিন্তা করেন।"
বিদ্যাসাগর মহেন্দ্রনাথ এর কথায় হেসে ফেললেন, বললেন,"বেশ বেশ তাকে নিয়ে এসো একদিন।"
মহেন্দ্রনাথ রামকৃষ্ণকে বললেন,"বিদ্যাসাগর আপনার সাথে দেখা করতে চান।"
শ্রীরামকৃষ্ণ নিজের মধ্যে ডুব দিলেন। চোখে মুখে ফুটে উঠলো দৈব উদ্ভাস। শ্রী ঠাকুর মধুর কণ্ঠে বললেন,"এই শনি বার ,সেদিন শ্রাবনের কৃষ্ণাষষ্ঠী, সাগর দর্শনের লগ্ন বিকাল ৪টে। "
(তখন বিদ্যাসাগরের বয়স ঠিক ৬২, রামকৃষ্ণ তার থেকে ১৬ বছরের ছোট, তার বয়স ৪৬। বিদ্যাসাগর এর প্রতি তার ভাব শ্রদ্ধা আর ভালোবাসা ভরা। )
বিকাল ঠিক ৪ টা। ঠিকা গাড়ি এসে দাঁড়াল। ঠাকুর ভাবে তন্ময় হয়ে আছেন। মহেন্দ্র বললেন,"এবার নামতে হবে, আমরা এসে গেছি।" ঠাকুর ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। মাস্টার পথ দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। উঠোনে ফুল গাছ, ঠাকুর মুগ্ধ হয়ে বাড়ি টি দেখছেন, কি সুন্দর বাড়ি! শান্তির নীড়। সমস্ত বাড়িটি যেন ধ্যানের মন্দির- মনে হল ঠাকুরের। তিনি শুনেছেন, ঈশ্বরচন্দ্র নাকি ভগবান-টগবানে বিশ্বাস করেন না। মৃদু হাসছেন ঠাকুর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাত্কার
ঈশ্বর-অবিশ্বাসী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাত্ হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের । কেমন ছিল দুই কিংবদন্তির সাক্ষাত্ ? জানতে ফিরে যেতে হবে সেই মাহেন্দ্রক্ষণে ।
বিদ্যাসাগর মহাপণ্ডিত।
তিনি ষড়দর্শন পাঠ করেছেন ।
জানতে চেয়েছেন ঈশ্বরকে। আর এইটুকু বুঝতে পেরেছেন যে, ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না ।
শ্রীরামকৃষ্ণ তাকালেন বিদ্যাসাগরের দিকে ।যেন বুঝতে পারলেন বিদ্যাসাগরের মনের কথা । বললেন, ব্রহ্মবিদ্যা ও অবিদ্যার পার | তিনি মায়াতীত।
মহাপণ্ডিত বিদ্যাসাগর শুনছেন মুগ্ধ বিস্ময়ে ।
বলে চলেছেন শ্রীরামকৃষ্ণ -
এই জগতে বিদ্যামায়া-অবিদ্যামায়া দুই আছে ।জ্ঞান-ভক্তি আছে ।আবার কামিনীকাঞ্চনও আছে ।সত্-ও আছে ,আবার অসত্-ও আছে । ভাল আছে ,আবার মন্দও আছে । কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ।ভাল-মন্দ জীবের পক্ষে । সত্-অসত্ জীবের পক্ষে । ব্রহ্মের ওতে কিছু হয় না ।
বিদ্যাসাগর বললেন, একটু ব্যাখ্যা করে, আরও সহজ করে বুঝিয়ে দিন ।
শ্রীরামকৃষ্ণ সহজ সরল হাসি হেসে বললেন, প্রদীপ যেমন নির্লিপ্ত, ব্রহ্মও সেইরকম । প্রদীপের সামনে কেউ ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে । প্রদীপের তাতে কিছু যায় আসে না । কোনও কাজটির সঙ্গেই প্রদীপ যুক্ত হচ্ছে না ।সে নির্লিপ্তভাবে শুধু জ্বলছে ।যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কী ?
তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ।ব্রহ্ম নির্লিপ্ত ।যেমন ধরো সাপের মধ্যে বিষ আছে ।অন্যকে কামড়ালে মরে যায় ।সাপের কিন্তু কিছু হয় না ।
বিদ্যাসাগরের মুখে রা নেই । তিনি ক্রমে বুঝতে পারছেন, এক নিরক্ষর ব্রাহ্মণের মুখে বেদান্ত কী সহজ সরল ভাষায় উচ্চারিত হচ্ছে !
শ্রীরামকৃষ্ণ বললেন, ব্রহ্ম যে কী মুখে বলা যায় না |
সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে।
বেদ,পুরাণ, তন্ত্র, ষড়দর্শন, সব এঁটো |
(থামলেন শ্রীরামকৃষ্ণ। তাকালেন বিদ্যাসাগরের মুখের দিকে।)
বিস্মিত বিদ্যাসাগর প্রশ্ন করলেন, এঁটো কেন ?
শ্রীরামকৃষ্ণ হেসে উত্তর দিলেন, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়ে গেছে ।
কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি গো !
সেই জিনিসটি ব্রহ্ম ।ব্রহ্ম যে কী, আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি ।বিদ্যাসাগরের বুকের ভেতরটা তোলপাড় করে উঠল।আবেগে কাঁপছে তাঁর শরীর ।শ্রীরামকৃষ্ণ বয়েসে অনেক ছোট, তবু বিদ্যাসাগরের ইচ্ছে হল তাঁর কাছে নতজানু হওয়ার ।তিনি শুধু কম্পিত কণ্ঠে বললেন, আজ একটি নতুন কথা শিখলাম। ব্রহ্ম উচ্ছিষ্ট হননি !
ঘরে তখন অনেক মানুষের ভিড় হয়ে গেছে।সবাই শুনছে ঠাকুরের কথা ।কী সহজ, কী প্রাণস্পর্শী, কী গভীর।ঠাকুর কী অনায়াসে আড়াল সরিয়ে দিচ্ছেন!
ফুটে উঠছে নতুন আলো।জাগ্রত হচ্ছে নব চেতনা ।
উদ্ঘাটিত হচ্ছে সত্যের মুখ।শ্রীরামকৃষ্ণ বললেন, এবার একটা গল্প বলছি, শোনো…
"এক বাপের দুটি ছেলে।ব্রহ্মবিদ্যা শেখবার জন্যে ছেলে দুটোকে বাপ আচার্যের হাতে দিলেন ।কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলে।বাপের এবার ইচ্ছে হল, এদের ব্রহ্মজ্ঞান কেমন হয়েছে একটু বাজিয়ে দেখবার।বড় ছেলেকে জিগ্যেস করলেন, বাপ ! তুমি তো সব পড়েছো | ব্রহ্ম কীরূপ বলো দেখি ।
বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগল।বাপ শুনলেন | কোনও কথা বললেন না | বড় ছেলে বাপের মনের ভাব বুঝতে পারল না।এবার ছোট ছেলেকে বললেন, তুমি বলো দেখি ব্রহ্মের কী রূপ ?
ছোট ছেলের মুখে কোনও কথা নেই ।
সে হেঁট মুখে নীরবে দাঁড়িয়ে থাকল ।বাপ প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু, তুমি একটু বুঝেছো। ব্রহ্ম যে কী তা মুখে বলা যায় না ।"
শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ থামলেন। তিনি জানেন, সাধারণ মানুষকে তাঁর কথার মর্ম বুঝতে একটু সময় দিতে হয় ।তারপর তাঁর গল্পের সূত্রটি ধরেই বললেন, মানুষ মনে করে আমরা তাঁকে জেনে ফেলেছি ।কিন্তু সত্যি কি জানা যায় ?জানা গেলেও কতটুকুই বা জানা যায় তাঁকে ?বিদ্যাসাগর নিবিষ্ট হয়ে শুনছেন। আর অপলক তাকিয়ে আছেন শ্রীরামকৃষ্ণের দিকে । আর কারও কথা শুনে কখনও এমন ঘোর লাগেনি তাঁর।শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়েই বললেন, আর একটা গল্প বলছি শোনো…
"একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিছলো।
এক দানা খেয়ে পেট ভরে গেল | আর এক দানা মুখে করে সে বাসার পথে চলেছে।যাবার সময় ভাবল, এবার এসে সব পাহাড়টা নিয়ে যাব।
ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে ।জানে না ব্রহ্ম বাক্যমনের অতীত !যে যতই বড় হোক না কেন, তাঁকে জানা যায় না।বিদ্যাসাগর হঠাত্ বলে ফেললেন, কেন শুকদেব ? তিনি তো .শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, শুকদেবাদি না হয় ডেঁও পিঁপড়ে।চিনির আট-নটা দানা না হয় মুখে করেছে । তার বেশি নয়।
ঘরে এত মানুষ | তবু পিন পড়লে শব্দ পাওয়া যাবে।রোজ কত পণ্ডিত মানুষের আসা-যাওয়া বিদ্যাসাগরের বাড়িতে ।কিন্তু এমন জীবন্ত বেদান্ত কখনও দেখিনি ! শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন আর ভাবছেন বিদ্যাসাগর। শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন, তবে বেদে পুরাণে যা বলেছে, সে কী রকম বলা জানো ?বিদ্যাসাগর বুঝলেন, ঘরের মধ্যে আর কেউ না বুঝুক তিনি অন্তত ধারণা করতে পারলেন, শ্রীরামকৃষ্ণের কণ্ঠে নতুনভাবে ব্যাখ্যাত হতে চলেছে বেদ ও পুরাণ !তিনি উদগ্রীব হয়ে শুনছেন।ঠাকুর বললেন, একজন সাগর দেখে এলে কেউ যদি জিগ্যেস করে, কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, - ওহ ! কী দেখলুম ! কী হিল্লোল, কল্লোল।ব্রহ্মের কথাও সেই রকম । বেদে আছে তিনি আনন্দস্বরূপ।সচ্চিদানন্দ।বিস্মিত বিদ্যাসাগর। শ্রীরামকৃষ্ণ বেদ পড়েছেন!তিনি তো নিরক্ষর।বিদ্যাসাগর কী ভাবছেন, শ্রীরামকৃষ্ণ যেন বুঝতে পারলেন।বললেন, শুকদেবাদি এই ব্রহ্মসাগর-তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন মাত্র।তাঁরা কিন্তু ব্রহ্মসাগরে নামেননি । এ সাগরে নামলে আর ফেরবার জো নেই গো ।ঠাকুরের কথায় চমকে উঠলেন বিদ্যাসাগর । এতো একেবারে নতুন কথা।অথচ কী অবলীলায় কথাটি বললেন পরমহংস !বিদ্যাসাগর প্রশ্ন করলেন তাহলে ব্রহ্মাণ্ডজ্ঞান হওয়ার উপায় ? ঠাকুর উত্তর দিলেন, সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ।সেই অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় ।মানুষ চুপ হয়ে যায় ।ব্রহ্ম কী বস্তু, মুখে বলবার শক্তি থাকে না ।
শ্রীরামকৃষ্ণ আর একটা গল্প বললেন--
নুনের পুতুল সমুদ্র মাপতে গিছলো। কত গভীর জল সেই খবরটা সে দিয়ে চেয়েছিল। কিন্তু খবর দেওয়া আর হল না। যেই নামল জলে অমনি গেল গলে ।কে আর খবর দেবে ? একজন প্রশ্ন করলেন, সমাধিস্থ ব্যক্তি যাঁর ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কী আর কথা কন না ?বিদ্যাসাগরকে চমকে দিল ঠাকুরের বিদ্যুতের মতো উত্তরশঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার 'আমি' রেখেছিলেন ।বিদ্যাসাগর এই কথার গভীর অর্থটুকু বুঝতে পারলেন। আপাত অশিক্ষিত একটি মানুষের জ্ঞানের ব্যাপ্তি ও গভীরতা দেখে তিনি স্তম্ভিত !শ্রীরামকৃষ্ণ এবার আরও সহজ করে তাঁর বক্তব্যের সারাত্সার তুলে ধরলেন--ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় ।যতক্ষণ দর্শন না হয়, ততক্ষণই বিচার তেমনি সমাধিত পুরুষ--লোকশিক্ষা দেবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় ।বিদ্যাসাগরের চোখে একইসঙ্গে ফুটে ওঠে মুগ্ধতা আর শ্রদ্ধা ।তাঁর মন বলে ওঠে , শ্রীরামকৃষ্ণ পরমহংস সেই পুরুষ তো তুমি নিজে । সমাধিস্থ হয়েও লোকশিক্ষার জন্য নেমে এসেছো, কথা বলছো !শ্রীরামকৃষ্ণ এবার ব্রহ্মজ্ঞানীর স্বরূপ অন্যভাবে ফুটিয়ে তোলেন্-যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে, ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধুপান করে মাতাল হবার পরে আবার কখনও-কখনও গুনগুন করে।পুকুরে কলসিতে জল ভরার সময় ভকভক শব্দ হয়। পূর্ণ হয়ে গেলে আর শব্দ নেই | তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়।
একজন হঠাত্ বললেন,
ঋষিদের কি ব্রহ্মজ্ঞান হয়েছিল ?
শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ হয়েছিল ।বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ।ঋষিরা দেখা-শোনা-ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত । সমস্ত দিন ধ্যান করে কাটত । তবে ব্রহ্মকে বোধে বোধ করত ।এবার সরাসরি বিদ্যাসাগরের দিকে তাকালেন ঠাকুর । বললেন, "কলিতে অন্নগত প্রাণ ।দেহ বৃদ্ধি যায় না।যারা বিষয় ত্যাগ করতে পারে না, তাদের 'আমি' কোনওভাবে যায় না।
তাদের বরং 'আমি ব্রহ্ম' না বলে বলা উচিত আমি ভক্ত, আমি দাস।
এ অভিমান ভাল।
ভক্তিপথে থাকলেও তাঁকে পাওয়া যায়।" বিদ্যাসাগরকে যেন সরাসরি বলছেন ঠাকুর--জ্ঞানীর পথও পথ ।আবার জ্ঞান-ভক্তির পথও পথ ।আবার ভক্তির পথও পথ।
জ্ঞানযোগও সত্য। ভক্তির পথও সত্য । সব পথ দিয়েই তাঁর কাছে যাওয়া যায়।
কিন্তু যতক্ষণ তিনি 'আমি' রেখেছেন আমাদের মধ্যে ততক্ষণ ভক্তিপথই সোজা।
শ্রীরামকৃষ্ণ এবার যেন শুধু বিদ্যাসাগরকেই দেখছেন ।তিনি এই মহাপণ্ডিতকে বললেন, বিজ্ঞানী কী বলে ? বিজ্ঞানী বলে, যিনি ব্রহ্ম, তিনিই ভগবান।
অর্থ বুঝিয়ে দিচ্ছি।
ব্রহ্ম নির্গুণ ।তিনি গুণাতীত ।ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ।
এই জীবজগত্, মন বুদ্ধি, বৈরাগ্য, জ্ঞান, এসব তাঁর ঐশ্বর্য ।
দেখো না এই জগত্ কী চমত্কার । কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র ।কত রকম জীব ।বড় ছোট ভালমন্দ কারু বেশি শক্তি, কারু কম শক্তি । ব্রহ্মই ভগবান হয়েছেন । যিনি নিরাকার, তিনিই সাকার।যিনি নির্গুণ তিনিই ষড়ৈশ্বর্যপূর্ণ।
বিদ্যাসাগর হঠাত্ প্রশ্ন করলেন তিনিই কি কাউকে বেশি শক্তি, কাউকে কম শক্তি দিয়েছেন ?
উত্তর দিলেন পরমহংস-তিনি বিভুরূপে সর্ব ভূতে আছেন ।বিভু মানেই তো পরমেশ্বর। আবার বিভু মানে সর্বব্যাপী ।
পিঁপড়ের মধ্যেও তিনি আছেন। আবার বিরাট পাহাড়ও তারই প্রকাশ ।সর্বত্র তিনি ।কিন্তু শক্তির তারতম্য তো আছেই ।ঠাকুর এবার বিদ্যাসাগরকেই বললেন--এই যেমন তুমি।
তোমাকেই বা সবাই মানে কেন ?
তোমার কি শিং বেরিয়েছে দুটো ?
তোমাকে মানে তার কারণ তোমার দয়া, তোমার বিদ্যে আছে অন্যের চেয়ে অনেক বেশি।
তুমি একথা মানো কি না ?
বিদ্যাসাগর লজ্জা পেলেন ।তিনি মৃদু মৃদু হাসছেন।
শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বললেন--একঘর লোকের সামনে বিদ্যাসাগরকে একথা বলার সাহস কারও হত না-- ঠাকুর বললেন শুধু পাণ্ডিত্যে কিছু হয় না ।মনে রেখো, তাঁকে জানবার জন্যেই বই পড়া ।তাঁকে জানাই একমাত্র জানা ।তাঁকে জানাই সব জানা আর সব অবিদ্যা।
এবার প্রশ্ন করলেন বিদ্যাসাগরকে, গীতার অর্থ কী ?
কী বলবেন বিদ্যাসাগর ? গীতার অর্থ এককথায় বলা যায়? চুপ করে থাকলেন বিদ্যাসাগর ।
বললেন শ্রীরামকৃষ্ণ, গীতার অর্থ দশবার 'গীতা' বলতে যা হয় তাই। দশবার 'গীতা' বলতে গেলে ত্যাগী হয়ে যায়।
গীতার শিক্ষা হল, হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো।
সাধুই হও, আর সংসারী হও, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে।
এবার বিদ্যাসাগরের দিকে তাকালেন শ্রীরামকৃষ্ণ ।ঘরে যেন আর কেউ নেই ।বললেন, অনেক পড়লেই কিছু হয় না গো ।অন্তরের কথাটি বুঝতে হবে ।শুধু পাণ্ডিত্য নয় ।ভক্তি চাই ।তাঁকে ভালবাসতে হবে ।তোমাকে একটা গপ্পো বলছি ।গল্পটা বুঝতে পারলে সব হবে।
চৈতন্যদেব তখন দক্ষিণে তীর্থভ্রমণ করছিলেন । দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে। কেঁদে চোখ ভেসে যাচ্ছে । চৈতন্যদেব জিগ্যেস করলেন, তুমি এসব বুঝতে পারছো ? সে বললে, ঠাকুর, আমি এসব শ্লোক কিছুই বুঝতে পারছি না।
চৈতন্যদেব জিগ্যেস করলেন তবে কাঁদছো কেন ?
ভক্তটি তখন বললে, আমি দেখেছি অর্জুনের রথ । আর তাঁর সামনে কৃষ্ণ ।আর অর্জুন কথা কচ্চেন।
তাই দেখে আমি কাঁদছি ।বিদ্যাসাগরের বুকের শিরায় টান ধরল ।তাঁর চোখ ভরে এল জলে ।মন ভরে গেল গভীর কৃতজ্ঞতায় ।নতুন চেতনায় উত্তীর্ণ হলেন তিনি !
বিদ্যাসাগরকে বলতে লাগলেন শ্রীরামকৃষ্ণ ।মনে মনে বিদ্যাসাগর নতজানু, করজোড় । শুনছেন তিনি ।নিষ্কম্প শিখার মতো ।ঠাকুর বলতে লাগলেন- তাঁকে কি শুকনো পাণ্ডিত্য দিয়ে বিচার করে জানা যায় গো ? তাঁর দাস হয়ে তাঁর শরণাগত হয়ে তাঁকে ডাকো |
মনে রেখো, 'আমি' ও 'আমার',এই দুটি অজ্ঞান ।
আমার বাড়ি, আমার টাকা,আমার বিদ্যা,আমার এইসব ঐশ্বর্য,এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয় ।আর যদি ভাবো,হে ঈশ্বর,তুমিই কর্তা,এসব জিনিস তোমার,টাকাকড়ি, আমার বিদ্যা,আমার ঐশ্বর্য,আমার পরিবার,সব কিছুই তোমার,আমার বলতে কিছুই নেই--এই ভাব জ্ঞান থেকে হয় ।
বিদ্যাসাগর,তোমার কোন ভাব গো ? হঠাত্ জানতে চাইলেন ঠাকুর ।বিদ্যাসাগর কিছুটা অপ্রস্তুত ।খুব মৃদু স্বরে বললেন, আপনাকে সেকথা একলা একদিন বলব ।ঠাকুর বিদ্যাসাগরকে এবার তাঁর অন্তরকথা,তাঁর নিজস্ব ভাবটি বলার জন্য গান ধরলেন--
কে জানে কালী কেমন?
ষড়দর্শনে না পায় দরশন ।
মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন।
কালী পদ্মবনে হংস সনে,হংসী রূপে করে রমণ ।।
আত্মরাগের আত্মাকালী প্রমাণ প্রণবের মতন ।
তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন ।।
মায়ের উদরে ব্রক্ষাণ্ডভাণ্ড প্রকাণ্ড তা জান কেমন ।
মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন ।
প্রসাদ ভাসে লোকে হাসে,সন্তরণে সিন্ধু তরন ।
আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন ।
গান শেষ করে শুধু একটি কথা বললেন শ্রীরামকৃষ্ণ,ষড়দর্শনে না পায় দর্শন,পাণ্ডিত্যে তাঁকে পাওয়া যায় না গো । এরপর ঠাকুর কিছুক্ষণ সমাধিস্থ ।চেতনায় ফিরে এসে জিগ্যেস করলেন,কটা বাজে গো ? বিদ্যাসাগর বললেন, রাত ৯টা। এবার যে উঠতে হবে ।ফিরতে হবে সেই দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণকে বিদায় দিতে মন চাইছে না বিদ্যাসাগরের ।কেন তাঁর এমন হল ? ঠাকুর লাবণ্যময় কণ্ঠে বিদ্যাসাগরকে বললেন,একবার বাগান দেখতে যেও ।রাসমণির বাগান । ভারী চমত্কার জায়গা ।
বিদ্যাসাগর-যাবো বৈ কি ! আপনি এলেন আর আমি যাব না ?
শ্রীরামকৃষ্ণ -আমার কাছে ! ছি.ছি !
বিদ্যাসাগর- সে কী ! এমন কথা বললেন কেন ? আমার বুঝিয়ে দিন।
শ্রীরামকৃষ্ণ(সহাস্যে)-আমরা জেলেডিঙ্গি ।খালবিল, আবার বড় নদীতেও যেতে পারি ।কিন্তু তুমি তো জাহাজ গো ।কী জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায় । বিদ্যাসাগর চুপ ।উত্তর খুঁজে পাচ্ছেন না । শ্রীরামকৃষ্ণই এগিয়ে এলেন বিদ্যাসাগরকে উদ্ধার করতে ।বললেন,তবে এই সময়ে জাহাজও যেতে পারে । বিদ্যাসাগর ইঙ্গিতটি ধরতে পারলেন ।হেসে বললেন,হ্যাঁ,এটা বর্ষাকাল বটে ।মহেন্দ্রগুপ্ত টিপ্পনি কাটলেন,এতো নবানুরাগের বর্ষা । নবানুরাগের সময় মান-অপমান বোধ থাকে না বটে ।
শ্রীরামকৃষ্ণ ইতিমধ্যে উঠে পড়েছেন ।তিনি সিঁড়ি দিয়ে নামছেন ।একজন ভক্তের হাত ধরে আছেন ।বিদ্যাসাগর আগে আগে চলেছেন ।বাতি হাতে পথ দেখাচ্ছেন তিনি ।
শ্রাবণকৃষ্ণাষষ্ঠী । এখনও চাঁদ ওঠেনি ।দূরে কোথাও বৃষ্টি হয়েছে। বাতাস ভিজে ভিজে,মিঠে। বাতাসে ভেজা ঘাস-পাতা-মাটির সুবাস ।তমসাবৃত উদ্যানভূমির মধ্যে দিয়ে চলেছেন শ্রীরামকৃষ্ণ ।বাতির ক্ষীণালোক বহন করে ফটকের সামনে বিদ্যাসাগর | শ্রীরামকৃষ্ণ ফটকে পৌঁছতেই সামনে এসে দাঁড়াল এক গৌরবর্ণ,শ্মশ্রুধারী,বাঙালি পোশাক-পরা যুবক । যুবক শ্রীরামকৃষ্ণের পায়ে মাথা ছুঁইয়ে প্রণাম করল ।
শ্রীরামকৃষ্ণ বললেন,বলরাম ! তুমি এখানে এত রাতে ?
বলরাম-আমি অনেক্ষণ এসেছি । এখানেই দাঁড়িয়েছিলাম ।
শ্রীরামকৃষ্ণ- ভেতরে যাওনি কেন ?
বলরাম-আজ্ঞে,সকলে আপনার কথাবার্তা শুনছেন,সেখানে গিয়ে বিরক্ত করিনি ।
শ্রীরামকৃষ্ণ এবার তার ভাড়া করা ঘোড়ার গাড়িতে উঠে পড়লেন ।বিদ্যাসাগর প্রায় চুপি চুপি মহেন্দ্রকে জিগ্যেস করলেন,ভাড়া কি দেব ?
মহেন্দ্র বললেন ,আজ্ঞে না ।ও হয়ে গেছে । বিদ্যাসাগর ঘোড়ার গাড়ির দরজায় এগিয়ে গেলেন ।তাঁর হাতে বাতিটি ধরা ।বাতির ক্ষীণালোকে ঠাকুরের মুখটি দেখলেন ।তাঁর সমস্ত অন্তর লুটিয়ে পড়ল শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে এক দীর্ঘায়িত প্রণামে ।
শ্রীরামকৃষ্ণের গাড়ি ধীরে ধীরে মিলিয়ে গেল বিদ্যাসাগরের দৃষ্টি থেকে ।তিনি একা ঠাকুরের প্রস্থানের পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন।
তাঁর মনে হল, ভগবান এসেছিলেন ।এক ঝলক দেখা দিয়ে চলে গেলেন ।তারই আশীর্বাদ হয়ে যেন স্বর্গ থেকে নেমে এল ঝিরঝিরে বৃষ্টি ! বৃষ্টির জলে নিভে গেল বিদ্যাসাগরের হাতের বাতিটি।অন্ধকারে একা বিদ্যাসাগর ।
রামকৃষ্ণ-ধারায় কতদিন পরে এমনভাবে প্রাণ জুড়াচ্ছে তাঁর।


